চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ পালিত।
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং তরুণ প্রজন্মের সাহসিকতার এক স্মরণীয় অধ্যায়। এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. নুরুল আবসার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ। সিআইইউ-এর জাতীয় দিবস উদযাপন কমিটির সহ-আহ্বায়ক ড. রুবেল সেন গুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. খালিদ বিন চৌধুরী, স্কুল অব ল এর ভারপ্রাপ্ত সহকারী ডিন রামিসা জাহান, প্রক্টর অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমূখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সানজিদা আক্তার ও সামি। সমাপনী বক্তব্য দেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নাঈম আব্দুল্লাহ। আলোচনা সভায় বক্তারা চব্বিশের জুলাই আগস্টের সময়গুলোতে অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র জনতার অংশগ্রহণ ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন – শিক্ষার্থীরা সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে শিক্ষার্থী হিসেবে পুনরায় পড়াশুনায় মনোনিবেশ করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এসময় শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ত্যাগের মানসিকতার প্রশংসা করে তাদের প্রতি এই মূল্যবোধ সবসময় ধরে রাখার আহ্বান জানান। এই চেতনার মাধ্যমেই সিআইইউ ভবিষ্যতে জাতীয় গৌরবের প্রতীক হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।